গ্রাহকদের অর্থ ফেরত দিতে দেরির কারণে সুনাম ক্ষুণ্ন হওয়ায় আমানত সংগ্রহে এখনো হিমশিম খাচ্ছে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো।
গত ছয় মাসে এই ব্যাংকগুলোতে আমানতের প্রবৃদ্ধি ব্যাপকভাবে কমে গেছে। অন্যদিকে প্রচলিত ধারার ব্যাংকগুলো গতি ফিরে পেয়েছে। ফলে ব্যাংকিং খাতের এই দুই ধারার মধ্যে ব্যবধান আরও বেড়েছে।
ইসলামি ব্যাংকিং বিষয়ক বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রতিবেদন অনুযায়ী, শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর বার্ষিক আমানত প্রবৃদ্ধি এ বছরের এপ্রিলের ৮ দশমিক ৯৮ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে ২ দশমিক ৪৮ শতাংশে নেমে এসেছে।
এর বিপরীতে, প্রচলিত ধারার ব্যাংকগুলোর আমানত প্রবৃদ্ধি এপ্রিলের ১২ দশমিক ৭৩ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে ১৪ দশমিক ৯৩ শতাংশে দাঁড়িয়েছে।
তবে কেন্দ্রীয় ব্যাংকের দাবি, বছরভিত্তিক এই পরিসংখ্যান আমানতকারীদের ইসলামি ব্যাংকিংয়ের প্রতি ক্রমবর্ধমান ঝোঁকেরই ইঙ্গিত দেয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ইসলামি ব্যাংকগুলোর ওপর নজরদারি বৃদ্ধি, তারল্য সহায়তা, দুর্বলতা চিহ্নিত করার পদক্ষেপ এবং ব্যবস্থাপনার উন্নয়নে প্রশাসক নিয়োগের ফলে আমানতকারীদের আস্থা আবারও ফিরে আসতে পারে।
২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসলামি ব্যাংকগুলোর মোট আমানতের প্রায় ৮৯ শতাংশই এসেছে বেসরকারি খাত থেকে, যা তাদের তহবিলের প্রধান উৎস।
আমানত প্রবৃদ্ধিতে ধীরগতি সত্ত্বেও শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর বিনিয়োগ (ঋণ বিতরণ) আগের বছরের তুলনায় ৭ শতাংশের বেশি বেড়েছে। এক বছর আগের ৫ লাখ ৭৩ হাজার কোটি টাকা থেকে বেড়ে গত সেপ্টেম্বরে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ১৫ হাজার কোটি টাকা।
এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে ইসলামি ও প্রচলিত—উভয় ধারার ব্যাংকেই আমানত বেড়েছে, যদিও প্রচলিত ব্যাংকগুলোর প্রবৃদ্ধির হার ছিল বেশি।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সামগ্রিক কার্যক্রমের আকারের তুলনায় এজেন্ট ব্যাংকিংয়ে ইসলামি ব্যাংকগুলো ভালো করেছে। এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের সম্প্রসারণ, আমানতকারীদের বাড়তি আস্থা বা অন্যান্য কারণে এমন হতে পারে।
ব্যাংকিং খাতের মোট এজেন্ট ব্যাংকিং আমানতের প্রায় অর্ধেকই ইসলামি ব্যাংকগুলোর হাতে। এই অবস্থান ধরে রাখতে ইসলামী ব্যাংকগুলোকে তাদের সেবার পরিধি বাড়ানো, আরও বেশি ডিজিটাল সেবা চালু করা এবং এজেন্ট নেটওয়ার্ক শক্তিশালী করার সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়া ব্যাংকিং চ্যানেলে আসা মোট প্রবাসী আয়ের প্রায় ২০ শতাংশই সংগৃহীত হয় ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, গত দুই দশকে বাংলাদেশে ইসলামি ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইসলামি ধারার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোরও তাদের সেবা সম্প্রসারণ এবং আমানত, বিনিয়োগ ও সম্পদে নিজেদের অংশীদারত্ব বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।
এদিকে, গত তিন বছরে ইসলামি ব্যাংকিং কার্যক্রমে নিয়োজিত কর্মীর সংখ্যা কমেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল সেবা ও অটোমেশনের ক্রমবর্ধমান ব্যবহারের ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ও পরিচালন পর্যায়ে কর্মীর চাহিদা কমেছে।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর কিছু ইসলামি ব্যাংকে ব্যবস্থাপনাগত সমস্যা ও অস্থিরতাও কর্মী সংখ্যা কমে যাওয়ার পেছনে ভূমিকা রেখেছে।
তবে এর বিপরীতে, যেসব প্রচলিত ব্যাংক শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা দিচ্ছে, তারা ধীরে ধীরে এই কার্যক্রম সম্প্রসারণ করেছে এবং জনবলও বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
