এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘ প্রতিবেদন

Date:

চলতি বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল, কারণ একাধিক অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জ রয়েছে।

আজ রোববার প্রকাশিত জাতিসংঘের এক মূল্যায়ন প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

জাতিসংঘের স্বল্পোন্নত দেশ, ভূবেষ্টিত উন্নয়নশীল দেশ ও উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর (ইউএন-ওএইচআরএলএলএস) উচ্চ প্রতিনিধির কার্যালয়ের বিশেষজ্ঞ প্যানেলের প্রস্তুত করা ‘গ্র্যাজুয়েশন রেডিনেস অ্যাসেসমেন্ট’ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ উত্তরণের সব শর্ত পূরণ করলেও উল্লেখযোগ্য ঝুঁকি রয়ে গেছে।

এর মধ্যে রয়েছে—বাণিজ্য সুবিধা হারানোর ঝুঁকি, সামষ্টিক অর্থনৈতিক চাপ, রাজস্ব ও আর্থিক খাতের দুর্বলতা, জলবায়ু ঝুঁকি ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের ঘাটতি।

মসৃণ ও টেকসই উত্তরণ নিশ্চিত করতে সংস্কার, বাস্তবায়ন সক্ষমতা জোরদার, পর্যাপ্ত নীতিগত পরিসর এবং সামগ্রিক সমাজভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

তিনটি নির্ধারিত মানদণ্ড পূরণ করায় আগামী ২৪ নভেম্বর বাংলাদেশের উত্তরণের কথা নির্ধারিত রয়েছে।

তবে গত বছর অন্তর্বর্তী সরকার রপ্তানি আদেশ হারানোর সম্ভাবনা ও সামগ্রিক অর্থনৈতিক দুর্বলতা নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগের প্রেক্ষাপটে ইউএন-ওএইচআরএলএলএসের কাছে একটি স্বাধীন মূল্যায়ন চেয়েছিল।

বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার অর্থনৈতিক ভঙ্গুরতার কথা উল্লেখ করে গত ২৩ ফেব্রুয়ারি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) কাছে উত্তরণ তিন বছর পিছিয়ে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত নেওয়ার আবেদন করে। সিডিপি এ আবেদন মূল্যায়নের প্রক্রিয়া শুরু করেছে।

এর পরিপ্রেক্ষিতে ইউএন-ওএইচআরএলএলএস সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি খাত, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী ও জাতিসংঘ ব্যবস্থার সঙ্গে পরামর্শের মাধ্যমে এ মূল্যায়ন পরিচালনা করে।

প্রতিবেদনটিতে উত্তরণ ব্যবস্থাপনায় দেশের প্রস্তুতি নিয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরা হয়েছে, যেখানে এলডিসি-নির্দিষ্ট সহায়তা প্রত্যাহারের প্রভাব ও উন্নয়ন অর্জন ধরে রাখতে প্রাতিষ্ঠানিক প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ইউএন-ওএইচআরএলএলএসের যৌথ উদ্যোগে আয়োজিত বহুপক্ষীয় পরামর্শ সভায় এই ফলাফল তুলে ধরেন অর্থনীতিবিদ ড. এম এ রাজ্জাক ও ড. ড্যানিয়েল গে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মন্ত্রী, কূটনীতিক, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ ও সরকারি উপদেষ্টারা।
 

Share post:

Popular

More like this
Related

হেডের অতিমানবীয় সেঞ্চুরি, ইংল্যান্ডকে দুই দিনে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

সকালে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস আগেভাগে থামিয়ে ৪০ রানের লিড...

আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা, নায়ারণগঞ্জ ও গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, নায়ারণগঞ্জ ও...

আমরা কি পারমাণবিক বিপর্যয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম?

চলমান আলোচনার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি আকস্মিক হামলা চালিয়ে...

ট্রেলারেও সাড়া ফেলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

শিগগির মুক্তি পেতে যাচ্ছে প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল...