‘বোর্ড অব পিস’ এর প্রথম বৈঠক আজ, গাজা ইস্যুতে অমীমাংসিত অনেক প্রশ্ন

Date:

গাজা ইস্যুতে অনেক প্রশ্ন অমীমাংসিত রেখে আজ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ‘বোর্ড অব পিস’ এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

ওয়াশিংটনে ‘ডোনাল্ড জে. ট্রাম্প ইউএস ইনস্টিটিউট অব পিস’ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ বৈঠকের মধ্য দিয়ে গাজায় হামাস যোদ্ধাদের নিরস্ত্রীকরণ, পুনর্গঠন তহবিলের আকার নির্ধারণ ও যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর কাছে মানবিক সহায়তা পৌঁছানো—এসব ইস্যুতে বোর্ডের কার্যকারিতা পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে।

কারা অংশ নিচ্ছেন 

মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নসহ ৪৭টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন প্রথম বৈঠকে। তালিকায় ইসরায়েলসহ আলবেনিয়া থেকে ভিয়েতনাম পর্যন্ত বিভিন্ন দেশ রয়েছে।

বার্তাসংস্থা এএফপি জানায়, প্রথম বৈঠকের তালিকায় ট্রাম্পের আদর্শিক মিত্র হিসেবে পরিচিত বন্ধু রাষ্ট্র নেতাদের আধিক্য থাকলেও, ঐতিহ্যবাহী মিত্র ইউরোপীয় গণতান্ত্রিক দেশগুলোর উপস্থিতি নেই বললেই চলে।

বৈঠকে যোগ দিতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতোমধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন। 

অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য—ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন তালিকায় নেই।

অংশ নিচ্ছে না যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধু কানাডা। ভ্যাটিকান সিটির পোপও আমন্ত্রণ প্রত্যাখান করেছেন।

আরেক মিত্র দেশ জাপান এখনো যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। 

ট্রাম্প ছাড়াও বৈঠকে বক্তব্য দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এবং গাজা বিষয়ক উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ। 

যা যা হতে পারে

বৈঠকে গাজা পুনর্গঠনের জন্য ৫০০ কোটি ডলার তহবিল সংগ্রহের ঘোষণা করতে পারেন ট্রাম্প। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, ঘোষিত ৫০০ কোটি ডলারের মধ্যে যুক্তরাষ্ট্রের দুই উপসাগরীয় মিত্র সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত প্রত্যেকে ১২০ কোটি ডলার করে দেবে।

নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী’ গঠনের পরিকল্পনাও ঘোষণা করার কথা রয়েছে। 

এক্ষেত্রে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ইতোমধ্যে জানিয়েছে, বাহিনী চূড়ান্ত হলে তারা আট হাজার সেনা সদস্য পাঠাতে প্রস্তুত। 

গাজার ধ্বংসস্তূপে রিসোর্ট তৈরির পরিকল্পনাও ব্যাখ্যা করতে পারেন ট্রাম্প।

যেসব প্রশ্ন এখনো অমীমাংসিত 

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ শুরু থেকেই বিতর্কিত। এতে ইসরায়েল থাকলেও কোনো ফিলিস্তিনি প্রতিনিধি নেই। 
এতে গাজা উপত্যকায় হামাসকে নিরস্ত্রীকরণ প্রশ্নের মুখে পড়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘শান্তিরক্ষী মোতায়েনের আগে হামাসকে নিরস্ত্রীকরণ বড় বাধা হয়ে আছে। এ অবস্থায় বাহিনী মোতায়েন হতে আরও কয়েক সপ্তাহ বা মাস লেগে যেতে পারে।’

বোর্ডের আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গাজা পরিকল্পনা বাস্তবায়নের পূর্বশর্ত হলো নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু স্থানীয় পুলিশ বাহিনী এখনো প্রস্তুত বা পূর্ণ প্রশিক্ষিত নয়।’

তিনি আরও বলেন, ‘হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় কে বসবে এটিও অমীমাংসিত প্রশ্ন। কাতার ও তুরস্কের মতো দেশগুলোর মাধ্যমে যোগাযোগ হতে পারে, তবে এ দুই দেশকে নিয়ে গভীর সন্দিহান ইসরায়েল।’

মানবিক সহায়তা নিয়েও উদ্বেগ জানিয়ে ওই সদস্য একে বিপর্যস্ত অ্যাখ্যা দিয়েছেন। 

তিনি বলেন, ‘সহায়তা বাড়লেও তা মাঠপর্যায়ে কারা বিতরণ করবে, সেটি এখনো অনিশ্চিত।’

কাতার ও মিশরের সহায়তায় ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় গত বছরের অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তির পর ‘বোর্ড অফ পিস’ গঠিত হয়। এর মাধ্যমে গাজায় দুই বছরের বিধ্বংসী যুদ্ধের অবসান ঘটে। 

মার্কিন প্রশাসনের মতে, পরিকল্পনাটি এখন দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে, যার মূল লক্ষ্য হলো হামাসকে নিরস্ত্রীকরণ করা।

Share post:

Popular

More like this
Related

ঈদে মুক্তি পাওয়া ৮ সিনেমার মধ্যে সবচেয়ে বেশি হলে কোনটি

কোরবানির ঈদ মানেই প্রেক্ষাগৃহে নতুন সিনেমার উৎসব। এবারও এর...

দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস: জানার আছে যা কিছু

ফুটবল দুনিয়ার যে ইভেন্টগুলোর জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা...

মানিকগঞ্জে বাউল আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনায় মামলা

কারাবন্দি বাউলশিল্পী আবুল সরকারের সমর্থকদের ওপর হামলার ঘটনায় মামলা...

৯০ শতাংশের বেশি অর্থনৈতিক ইউনিটের টিআইএন নেই

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নে আবুল কালাম আজাদের বাড়ি।...