শিল্পী বিপাশা হায়াতের জন্মদিন

Date:

দর্শকনন্দিত অভিনয়শিল্পী বিপাশা হায়াত। অভিনয়ের বাইরে তিনি একজন নাট্যকার এবং চিত্রশিল্পীও। গুণী বাবা আবুল হায়াতের বড় কন্যা। আজ ২৩ মার্চ তার জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে তার জন্ম।

নব্বই দশকে নক্ষত্রের মতোই উজ্জ্বল আলো দিয়ে ছোটপর্দায় আগমন ঘটে। দীর্ঘদিন টেলিভিশন নাটকে তার সরব উপস্থিতি ছিল। বিটিভিতে সেই সময়ে সাপ্তাহিক নাটক, ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। তারকাখ্যাতির শীর্ষে পৌঁছান।  

অভিনয়গুণ দিয়ে জয় করে নেন কোটি মানুষের হৃদয়। তার অভিনয়ের প্রশংসা ছোট-বড় সবার মুখেই শোনা যায়। পাশাপাশি ঢাকার মঞ্চ নাটকেও নিয়মিত অভিনয় করেন একটা সময়ে। নাগরিক নাট্যসম্প্রদায় তার নাটকের দল। এই  দলের হয়ে ঢাকার মঞ্চে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন।

‘খোলা দুয়ার’ নাটক দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর কতশত নাটকে অভিনয় করেছেন! বিটিভির সাড়া জাগানো নাটক ‘অয়োময়’- এ তার অভিনয়ের প্রশংসা এখনো বহু দর্শক করেন। সেই নাটকে অভিনয় করে বিপুল খ্যাতি লাভ করেন। এই নাটকে লবঙ্গ চরিত্রে অভিনয় করেন তিনি, যা আজও মানুষ ভোলেনি।

‘রূপনগর’ নাটক দিয়েও দর্শকদের ভালোবাসা পান। এমন অসংখ্য ভালো নাটক তার ক্যারিয়ারে আছে।

হুমায়ুন আহমেদের বহুল প্রশংসিত মুক্তিযুদ্ধের সিনেমা ‘আগুনের পরশমণি’তে তার অভিনয় সব শ্রেণির দর্শকের মন ভরিয়ে দেয়। এই সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আগুনের পরশমণিতে তার অভিনীত রাত্রি চরিত্রটি অনেকের মনে দাগ কেটে আছে।

এ ছাড়া, তৌকীর আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধের সিনেমা ‘জয়যাত্রা’য় অভিনয় করে দারুণ সাড়া পেয়েছেন।

বিপাশা হায়াতের লেখা নাটকও সাড়া ফেলেছে। শুকতারা, শঙ্খবাস-সহ অনেক নাটক রচনা করেছেন। এসবের বাইরে উপস্থাপনা করেও প্রশংসা পেয়েছেন। তার উপস্থাপনায় ‘বিপাশার অতিথি’ অনুষ্ঠানটি খুব জনপ্রিয়তা পেয়েছিল । নব্বই দশকে মডেলিং করেও তিনি সাড়া ফেলেছিলেন।

চারুকলা থেকে পড়াশোনা করেন বিপাশা হায়াত। অভিনয় থেকে দূরে থাকলেও ছবি আঁকা চলছেই। দেশে-বিদেশে তার আঁকা ছবি নিয়ে প্রদর্শনী হয়েছে এবং এখানেও তিনি সাফল্য ধরে রেখেছেন। এখন তার ছবি আঁকা নিয়েই যত সাধনা।

কয়েকবছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে থেকেও তিনি শিল্পীর কাজটি করে যাচ্ছেন। কয়েক বছর আগে দেশে এসে ছবির প্রদর্শনী করে গেছেন। বিদেশেও এই কাজ অব্যাহত রয়েছে । মূলত শিল্পের মানুষ বিপাশা হায়াতের সময় কাটছে শিল্পের সঙ্গেই।

তার বাবা একুশে পদক প্রাপ্ত বরেণ্য অভিনেতা আবুল হায়াত। মা শিরিন হায়াত। স্বামী অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। ছোটবোন নাতাশা হায়াত।

Share post:

Popular

More like this
Related

জবাবদিহিতাকে স্বাগত জানিয়েছে ওএইচসিএইচআর, মৃত্যুদণ্ডের সাজায় অসন্তোষ

গণঅভ্যুত্থানের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ...

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার যেসব কারণের কথা জানালেন অর্থমন্ত্রী

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার...

‘চিত্রা’ চরিত্রটি আমার কাছে বিশেষ হয়ে থাকবে: সাবিলা নূর

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকের...

মিয়ানমারে শেষ ধাপের ভোট, জান্তা সমর্থিত দলের জয় ‘নিশ্চিত’

মিয়ানমারের সাধারণ নির্বাচনের তৃতীয় ও শেষ ধাপের ভোট শুরু...