২০১৪-১৫ থেকে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে: সরকারি অডিট

Date:

২০১৪-১৫ অর্থবছর থেকে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির তথ্য ০ দশমিক ৭ থেকে ১ দশমিক ৩০ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছে বলে একটি সরকারি অডিটে উঠে এসেছে।

পরিকল্পনা মন্ত্রণালয় গঠিত প্যানেলের ফরেনসিক অডিট প্রতিবেদনের তথ্য আজ শনিবার এক সেমিনারে উপস্থাপন করা হয়।

এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘রাজনৈতিক স্বার্থ হাসিল এবং “উন্নয়নের বয়ান” প্রচারের উদ্দেশ্যে সরকারি তথ্যে কারসাজি করা হয়েছিল।’

‘জিডিপি প্রাক্কলনের ফরেনসিক নিরীক্ষা প্রতিবেদনের পিয়ার রিভিউ’ শীর্ষক এ সেমিনারে তিনি জানান, যেসব খাতে নির্ভরযোগ্য প্রাথমিক তথ্য পাওয়া যায়নি এবং জিডিপি প্রাক্কলনে প্রশাসনিক বা মাধ্যমিক (সেকেন্ডারি) উৎসের ওপর নির্ভর করতে হয়েছে, সেসব খাতে এই তথ্য বিকৃতি স্পষ্টভাবে ধরা পড়েছে।

‘২০১৪-১৫ অর্থবছর থেকে জাতীয় হিসাব ব্যবস্থায় আমরা একটি নির্দিষ্ট ধরনের অসংগতি লক্ষ্য করেছি,’ বলেন তিনি।

সেমিনারে অডিট কমিটির সদস্য এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক ফলাফল তুলে ধরেন।

অডিটে তথ্য বাড়িয়ে দেখানোর ৭টি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মূলত উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) ও কর-সংক্রান্ত তথ্য।

গবেষকরা বিভিন্ন শিল্পখাতের ২২টি উপখাত পরীক্ষা করে দেখেছেন। এতে দেখা যায়, পরিসংখ্যান ব্যুরোর সরাসরি জরিপ থেকে সংগৃহীত তথ্যের চেয়ে প্রশাসনিক ও মাধ্যমিক উৎস থেকে তথ্য নেওয়ায় মূলত এই গরমিলগুলো হয়েছে।

সিমেন্ট উৎপাদনের উদাহরণ টেনে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘প্রতিবেদনে দেখানো উৎপাদনের পরিমাণের সঙ্গে জিডিপিতে প্রতিফলিত মূল্য সংযোজনের কোনো মিল নেই। সিমেন্ট উৎপাদন যদি একটি নির্দিষ্ট মাত্রায় দেখানো হয়, তবে জিডিপিতে এর বিপরীতে যে ভ্যাট দেখানো হবে, তা সংশ্লিষ্ট অন্যান্য খাতের তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। কিন্তু ওই পরিসংখ্যানগুলোতে কোনো মিল নেই।’

পেট্রোলিয়াম ও অন্যান্য খাতেও একই ধরনের অসংগতি পাওয়া গেছে। এসব খাতে অনেকক্ষেত্রে প্রবৃদ্ধি ব্যাপকভাবে বাড়িয়ে দেখানো হয়েছিল এবং পরে তা কমানো হয়েছে। তবে নির্ভরযোগ্য তথ্য থাকায় তৈরি পোশাক খাত এই তথ্য বিকৃতির শিকার হয়নি বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

অডিটে রাজস্ব ও রপ্তানি পরিসংখ্যানেও অসংগতি খুঁজে পাওয়া গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), কাস্টমস ও বাংলাদেশ ব্যাংকের দেওয়া রপ্তানি তথ্যের মধ্যকার গরমিলের বিষয়টি উল্লেখ করেন তিতুমীর। এছাড়া সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ ব্যবস্থা (আইবাস) চালুর আগে এনবিআরের তথ্যেও অসংগতি ছিল বলে তিনি জানান।

উপদেষ্টা বলেন, ‘সরকার বাংলাদেশ ব্যাংকের রপ্তানি পরিসংখ্যানকেই প্রামাণ্য বা নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই অসংগতিগুলো দূর করতে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, ‘আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়া সরকারি পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ ও গবেষকদের পিয়ার রিভিউসহ (বিশেষজ্ঞ পর্যালোচনা) একটি বিজ্ঞানসম্মত গবেষণা প্রক্রিয়া অনুসরণ করে এই অডিট পরিচালনা করা হয়েছে।’

Share post:

Popular

More like this
Related

মোজতাবা খামেনিকে ‘পছন্দ নয়’ ট্রাম্পের, ইরানের নেতা নির্বাচনে হস্তক্ষেপের ইঙ্গিত

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে...

বিশ্বকাপের মাঝে ছুটি নিয়ে নিউজিল্যান্ডে ফিরতে পারেন হেনরি-ফার্গুসন

চোট কাটিয়ে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ফিরেছেন দুই অভিজ্ঞ...

রাজনৈতিক সংকট সমাধানের পর তফসিল চায় এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে খালেদা জিয়ার...

সাভার-আশুলিয়ায় নতুন করে ২০ কারখানা ছুটি, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি

শ্রমিক বিক্ষোভের কারণে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় আজ মঙ্গলবার অন্তত ২০টি...