আওয়ামী লীগ ও জামায়াত: রাজনৈতিক জোটের ইতিহাসে বিচিত্র বাঁক

Date:

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। তার দাবি, কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় থাকা আওয়ামী লীগ এবং বর্তমানে বিরোধী দলের নেতৃত্বে থাকা জামায়াতে ইসলামী গোপনে সমঝোতায় পৌঁছেছে। তবে এটা আদর্শের ভিত্তিতে নয়, বরং একটি অভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখেই দল দুটি কাছাকাছি এসেছে বলে অভিযোগ তার। কয়েক দিন আগে এক জনসভায় তিনি বলেন, গোয়েন্দা প্রতিবেদনে দল দুটির মধ্যে একটি নতুন যোগসাজশের ইঙ্গিত পাওয়া গেছে।

এই অভিযোগের বিশেষ তাৎপর্য রয়েছে। কেননা এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের এক পরিহাস। কয়েক দশক ধরে বাংলাদেশের জাতীয় পরিচয়ের প্রশ্নে আওয়ামী লীগ ও জামায়াত পরস্পরবিরোধী অবস্থান দেখিয়ে আসছে। তাদের বিভেদের সবচেয়ে গভীর বিষয়—একাত্তরের স্মৃতি, যে বছর বাংলাদেশের জন্ম। তবে তারেক রহমানের দাবি, প্রকাশ্য বৈরিতার আড়ালে দল দুটির মধ্যে সমঝোতা রয়েছে। এই অভিযোগ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, নাকি নিছক রাজনৈতিক বক্তব্য—তা নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে। উল্লেখ্য, তার বক্তব্যের সংবাদ প্রকাশের সময়ও জানানো হয়েছে, দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এমন গোপন সমঝোতার অস্তিত্ব প্রমাণে এখন পর্যন্ত কোনো অকাট্য তথ্যও প্রকাশ্যে আসেনি।

উইলিয়াম শেকসপিয়রের ‘দ্য টেম্পেস্ট’ নাটকের বিখ্যাত উক্তি, ‘দুর্দশা মানুষকে বিচিত্র সঙ্গীর সঙ্গে পরিচিত করে।’ আধুনিক রাজনৈতিক আলোচনায় এই ভাবনাটিই রূপ নিয়েছে বহুল প্রচলিত প্রবাদে—‘রাজনীতি বিচিত্র সঙ্গী তৈরি করে’। রাজনৈতিক প্রয়োজন কীভাবে আদর্শিক সীমারেখা অতিক্রম করে, এই কথাটি তার ইঙ্গিত দেয়। আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সম্পর্ক এ প্রবণতার একটি উল্লেখযোগ্য উদাহরণ।

রাজনৈতিক দর্শন ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে গভীর পার্থক্য থাকা সত্ত্বেও ষাটের দশকে ফিল্ড মার্শাল আইয়ুব খানের স্বৈরশাসনের বিরোধিতায় দল দুটি অভিন্ন অবস্থানে এসেছিল। গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বৃহত্তর লক্ষ্য সামনে রেখে ১৯৬৪ সালে তারা অন্য বিরোধী দলগুলোর সঙ্গে মিলে সম্মিলিত বিরোধী দল বা কম্বাইন্ড অপজিশন পার্টির (সিওপি) ব্যানারে ঐক্যবদ্ধ হয়। ১৯৬৯ সালেও আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আওয়ামী লীগ ও জামায়াত আরও কয়েকটি দলের সঙ্গে মিলে ডেমোক্র্যাটিক অ্যাকশন কমিটি (ডিএসি) গঠন করে।

১৯৭০ সালের সাধারণ নির্বাচন পাকিস্তানের রাজনৈতিক দৃশ্যপট আমূল বদলে দেয়। আওয়ামী লীগ বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হয়, অন্যদিকে জামায়াতে ইসলামী একটি আসনও পায়নি। তবে নির্বাচনে পরাজয় দুই দলের সম্পর্কের ইতি টানেনি। জামায়াত নেতারা প্রকাশ্যে শেখ মুজিবুর রহমানকে ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। ১৯৭১ সালের ৩ মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা থাকলেও তা স্থগিত করা হলে জাতীয় সংকট আরও ঘনীভূত হয়। এ সময় জামায়াতে ইসলামীর নেতা গোলাম আযম শেখ মুজিবের সঙ্গে দেখা করেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তার অসহযোগ কর্মসূচির প্রতি সমর্থন জানান। তখন ক্রমবর্ধমান সাংবিধানিক সংকটের বিপরীতে অল্প সময়ের জন্য হলেও দুই দলকে একই পক্ষে অবস্থান করতে দেখা যায়।

কিন্তু এই ভঙ্গুর ঐক্য পরবর্তী ঘটনাপ্রবাহের ধাক্কা সামলে টিকে থাকতে পারেনি। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর সামরিক অভিযান রাজনৈতিক বাস্তবতা বদলে দেয়। মুক্তিযুদ্ধের বিরোধিতা করায় আওয়ামী লীগ ও জামায়াতের পথ চিরতরে আলাদা হয়ে যায়।

স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ১৯৭২ সালের সংবিধানে জামায়াতসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা নির্বাসনে চলে যান, অন্যরা রাজনৈতিকভাবে প্রান্তিক অবস্থায় পড়ে থাকেন। ১৯৭৫ সালের আগস্টে শেখ মুজিবুর রহমানকে হত্যার ঘটনা দেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে। পরবর্তী বছরগুলোতে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ওপর বিধিনিষেধ তুলে নেওয়া হয়। ফলে জামায়াত আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ পায়।

আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে গভীর অবিশ্বাস এবং আদর্শিক বিরোধ অব্যাহত থাকলেও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে তাদের এক অসম্ভব, যদিও সাময়িক, অংশীদারত্বের দিকে ঠেলে দেয়।

আওয়ামী লীগ-জামায়াত সম্পর্কের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য অধ্যায় হলো আশির দশকের এরশাদবিরোধী আন্দোলন। ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই রাজনৈতিক নৈকট্য স্পষ্ট হয়ে ওঠে। পৃথক প্রতীকে নির্বাচন করলেও দুই দলই সংসদে প্রবেশ করে। জামায়াত পায় ১০টি আসন। এর মধ্য দিয়ে স্বাধীনতার পর থেকে দলটি যে রাজনৈতিক বৈধতা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি থেকে বঞ্চিত ছিল, তার একটি মাত্রা অর্জন করে। পরে এরশাদবিরোধী আন্দোলন জোরালো হলে দুই দলকেই একই পক্ষে দেখা যায়।

নব্বইয়ের দশকে আওয়ামী লীগ ও জামায়াতের জটিল ও পরস্পরবিরোধী সম্পর্কের আরেকটি অধ্যায় তৈরি হয়। ওই দশকের রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে ছিল একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন—জাতীয় নির্বাচন পরিচালনার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা। এই লক্ষ্য অর্জনে জামায়াত-আওয়ামী লীগ অন্য বিরোধী দলগুলোর সঙ্গে মিলে খালেদা জিয়ার বিএনপি সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে অংশ নেয়। আন্দোলনের চাপে শেষ পর্যন্ত তৎকালীন সরকার সংবিধান সংশোধনের পথে হাঁটে, আর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার পথ তৈরি হয়।

১৯৯৬ সালের সাধারণ নির্বাচনের পর আওয়ামী লীগ ও জামায়াত আনুষ্ঠানিকভাবে কোনো সরকার গঠনের জোটে যায়নি। তবে পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহে সংসদে জামায়াতের গুরুত্ব বেড়ে যায়। খণ্ডিত রাজনৈতিক পরিস্থিতিতে দলটির উপস্থিতি আসনসংখ্যার তুলনায় বেশি তাৎপর্য অর্জন করে। ফলে সংসদে তাদের প্রতিনিধিত্বের অনুপাতের তুলনায় অনেক বেশি প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়।

২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। শেখ হাসিনার সরকারের অন্যতম প্রধান উদ্যোগ ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত ও বিচার। এ বিচারপ্রক্রিয়ার প্রধান প্রতিষ্ঠান হয়ে ওঠে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামায়াতের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়, তারা দোষী সাব্যস্ত হন এবং কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

২০১৩ সালে শাহবাগ আন্দোলনের সূচনার মধ্য দিয়ে উত্তেজনা আরও বেড়ে যায়। একাত্তরের যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এই আন্দোলন গড়ে উঠেছিল। আওয়ামী লীগের অনেক সমর্থক আন্দোলনটিকে মুক্তিযুদ্ধের অসমাপ্ত নৈতিক লড়াইয়ের ধারাবাহিকতা হিসেবে দেখেছিলেন। অন্যদিকে, জামায়াত এটিকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে দেখে এবং এর বিরুদ্ধে জোরালো অবস্থান নেয়। পরিণতিতে দেশজুড়ে বিক্ষোভ, সহিংস সংঘর্ষ ও রাজনৈতিক বৈরিতা আরও তীব্র হয়ে ওঠে।

ইতিহাস, ন্যায়বিচার ও জাতীয় পরিচয় নিয়ে পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গির কারণে বাংলাদেশ ক্রমেই গভীর মেরুকরণের দিকে এগিয়ে যায়। আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে অর্থবহ সমঝোতার সম্ভাবনা তখন দল দুটির রাজনৈতিক ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি কঠিন ও দূরের বলে মনে হচ্ছিল।

তবে ইতিহাস কখনো সরলরেখায় এগোয় না। রাজনৈতিক সম্পর্কও চিরস্থায়ী নয়। এক সময়ে যে জোট অকল্পনীয় মনে হয়, অন্য সময়ে রাজনৈতিক প্রয়োজনেই তা গড়ে উঠতে পারে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, গভীর আদর্শিক বিরোধ থাকা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে আওয়ামী লীগ ও জামায়াত বারবার একই পক্ষে অবস্থান নিয়েছে। এসব ঘটনা একটি শিক্ষা দেয়—রাজনৈতিক বন্ধুত্ব প্রায়ই কৌশলগত, স্থায়ী নয়। অন্যদিকে, আদর্শিক বিভেদ টিকে থাকে আড়ালে, পরিস্থিতি অনুকূলে এলে আবারও তা সংঘাতের কারণ হয়ে উঠতে পারে।

বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিরোধী শক্তি হিসেবে জামায়াত গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে এবং ভবিষ্যৎ নির্বাচনে নিজেদের প্রভাব আরও বাড়ানোর আকাঙ্ক্ষা রাখে। অন্যদিকে, একসময় স্থায়ী বলে বিবেচিত রাজনৈতিক সম্পর্কগুলোও অপ্রত্যাশিতভাবে বদলে গেছে। রাজনৈতিক মিত্ররা প্রতিপক্ষে পরিণত হয়েছে, আবার পুরোনো প্রতিপক্ষদের মধ্যেও কখনো কখনো স্বার্থের মিল দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিকভাবে টিকে থাকার হিসাব-নিকাশ অনেক সময় আদর্শিক অবস্থানের চেয়ে বেশি গুরুত্ব পায়।

ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক মেরুকরণ তৈরি হবে কি না, তা এখনো অনিশ্চিত। যখন আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার চেষ্টা করছে আর অন্য দলগুলো প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নেমেছে, তখন প্রত্যেক পক্ষকেই নিজেদের স্বার্থ এবং কার সমর্থন সবচেয়ে মূল্যবান হতে পারে, তা বিবেচনা করতে হবে। নীতি ও বাস্তবতার এই চিরন্তন টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখনো অনির্ধারিত আর ইতিহাসের চাকা পরের বার কোন দিকে ঘুরবে, তা দেখার অপেক্ষায়।

মহিউদ্দিন আহমদ: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের লেখক ও গবেষক।

(এই লেখায় প্রকাশিত মতামত লেখকের নিজস্ব)

Share post:

Popular

More like this
Related

অন‌ভিজ্ঞ এম‌ডির অ‌নিয়ম স্বেচ্ছাচা‌রিতায় ঝু‌ঁকির মু‌খে মে‌ট্রো‌রেল, তদন্ত চে‌য়ে প্রধানমন্ত্রীর কা‌ছে চি‌ঠি

ঢাকা মেট্রোরেলের প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, প্রশাসনিক জটিলতা, কর্মকর্তা-কর্মচারীদের অসন্তোষ...

ফাঁকা ঢাকায়ও সবজির দাম বাড়তি

পূজার লম্বা ছুটিতে গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা প্রায়...

আফজাল হোসেন–আফসানা মিমিকে নিয়ে ‘রঙিন সুরমা’

শর্টফিল্ম ওয়েব কনটেন্ট ‘রঙিন সুরমা’য় অভিনয় করেছেন দুই গুণী...

সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষের পথে এমন সব ধরনের এন্ট্রি...