প্রতারণা মামলা: নিউ মেক্সিকো প্রশাসনকে ২৫০০ কোটি ডলার দিতে মেটাকে নির্দেশ

Date:

কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট একটি মামলায় ব্যবহারকারীদের সঙ্গে প্রতারণার দায়ে শীর্ষ সামাজিকমাধ্যম প্রতিষ্ঠান মেটাকে গত মাসে দোষী সাব্যস্ত করে নিউ মেক্সিকোর একটি জুরিবোর্ড।

গতকাল বুধবার মামলার রায়ে নিউ মেক্সিকো প্রশাসনকে দুই হাজার ৫০০ কোটি ডলার দেওয়ার জন্য মেটাকে নির্দেশ দিয়েছেন আদালত।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগসহ ৪৮টি অঙ্গরাজ্যের করা দাবি নিষ্পত্তি করতে মেটা প্রায় এক হাজার ৮০০ কোটি ডলার দিতে সম্মত হওয়ার কয়েক মাস পর এ জরিমানার রায় এল।

মামলাটিকে ‘মতপ্রকাশের ওপর কর’ বলে সমালোচনা করেছে মেটা।

এক বিবৃতিতে মেটা জানায়, ‘এ রায়ের ফলে…নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে ব্যবসা পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আপিলে আমরা জয়ী হব বলে আত্মবিশ্বাসী।’

কেমব্রিজ অ্যানালিটিকা একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় বিশেষভাবে লক্ষ্যভিত্তিক রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের জন্য অনিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠানটি লাখো ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল বলে প্রমাণ পাওয়া যায়।

ওই সময় প্রকাশিত তথ্যে দেখা যায়, ‘দিসইজইওরডিজিটাললাইফ’ নামের ব্যক্তিত্ব যাচাই অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা তথ্য পেয়েছিল প্রতিষ্ঠানটি। প্রায় ২ লাখ ৭০ হাজার ব্যবহারকারী অ্যাপটি ইনস্টল করেছিলেন। একইসঙ্গে অ্যাপটি ব্যবহারকারীদের বন্ধুদের তথ্যও সংগ্রহ করেছিল।

সব মিলিয়ে, বিশ্বজুড়ে প্রায় ৮ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য পেয়েছিল অ্যাপটি।

২০১৫ সালের ডিসেম্বরে ফেসবুক জানতে পারে, কেমব্রিজ অ্যানালিটিকা এসব তথ্য সংগ্রহ করেছে। তবে ২০১৮ সালের আগে এ তথ্য প্রকাশ করেনি মেটা। ওই সময় তথ্য সংগ্রহকারীদের একজন বিষয়টির খোলাসা করেন। এরপরই বড় ধরনের রাজনৈতিক কেলেঙ্কারির সূত্রপাত হয়।

নিউ মেক্সিকোর মামলায় জুরি বোর্ডের সদস্যরা মনে করেন, এ অনিয়ম অঙ্গরাজ্যটির ২১ লাখের বেশি বাসিন্দার সবাইকে প্রভাবিত করেছে।

সেপ্টেম্বরে এক বিবৃতিতে মেটার এক মুখপাত্র বলেন, ‘আমরা এই রায়ের সঙ্গে একমত নই এবং আমাদের কর্মকাণ্ডের রেকর্ড বিকৃত করার প্রচেষ্টার বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন অব্যাহত রাখব।’

নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ এই রায়কে ‘ঐতিহাসিক’ বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন।

এক বিবৃতিতে তোরেজ বলেন, মামলাটি ছিল ‘ভোক্তাদের ব্যক্তিগত তথ্যের সঙ্গে কী করা হচ্ছে, সে বিষয়ে তাদের করপোরেশনগুলো বিভ্রান্ত করতে পারে কি না এবং এর জন্য প্রতিষ্ঠানগুলোকে কার্যকর কোনো পরিণতির মুখোমুখি হতে হবে কি না–এ বিষয়ে। নিউ মেক্সিকো নিজের অবস্থানে অটল থেকেছে।’

সম্প্রতি একের পর এক মামলার মুখোমুখি হয়েছে মেটা।

চলতি বছরের শুরুর দিকে শিশুদের ক্ষতির বিষয়ে করা পৃথক একটি মামলায় মেটার বিরুদ্ধে প্রায় ১০০ কোটি ডলারের সম্মিলিত জরিমানার রায় পক্ষে আসে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের।

গত মার্চে ওই মামলায় মেটাকে সাড়ে ৩৭ কোটি ডলার দিতে নির্দেশ দেন জুরি বোর্ড। বোর্ড পর্যবেক্ষণে জানিয়েছিল, শিকারিদের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করাসহ প্ল্যাটফর্মগুলোতে শিশুদের বিভিন্নভাবে বিপদের মুখে ফেলার জন্য মেটা দায়ী।

আগস্টে মেটাকে পণ্যে পরিবর্তন আনতে এবং ফেসবুক ও ইনস্টাগ্রামের কারণে সৃষ্ট ক্ষতির চিকিৎসা ও প্রতিরোধে অর্থায়নের জন্য অঙ্গরাজ্যটিকে অতিরিক্ত ৫৬ কোটি ৭০ লাখ ডলার দিতে নির্দেশ দেন আরেক বিচারক।

একই মাসে যুক্তরাষ্ট্রের ৫২টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসির করা অভিযোগ নিষ্পত্তি করতে সর্বোচ্চ এক হাজার ৭৭০ কোটি ডলার দিতে সম্মত হয় মেটা।

অভিযোগগুলোর মধ্যে ছিল, প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে তাদের প্ল্যাটফর্ম এমনভাবে তৈরি করেছে, যাতে তরুণ ব্যবহারকারীরা এতে আসক্ত হয়ে পড়েন; ঝুঁকি সম্পর্কে জনসাধারণকে বিভ্রান্ত করেছে এবং ১৩ বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে বেআইনিভাবে তথ্য সংগ্রহ করেছে।

ওই মামলা নিষ্পত্তির অংশ হিসেবে কিশোর-কিশোরীদের ব্যবহৃত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সম্মত হয়েছে মেটা। নিষ্পত্তির কিছু শর্ত নির্ভর করছে অন্য বড় সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোও একই ধরনের পরিবর্তনে সম্মত হয় কি না, তার ওপর।

সেপ্টেম্বরে অ্যালাবামা অঙ্গরাজ্যকে অন্তত ১০ কোটি ডলার দিতে এবং কিশোর ব্যবহারকারীদের জন্য বিধিনিষেধ চালু করতে সম্মত হয় আরেক সামাজিকমাধ্যম টিকটক। এর ফলে প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা-সংক্রান্ত অভিযোগ নিয়ে বিচার এড়াতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি।

এর আগে, আরও কয়েকটি মামলা নিষ্পত্তি করে টিকটক। এগুলোর মধ্যে ছিল লস অ্যাঞ্জেলেসে এক তরুণীর এবং কেনটাকির একটি স্কুল ডিস্ট্রিক্টের করা মামলা।

মার্চে শেষ হওয়া আরেকটি যুগান্তকারী মামলায় লস অ্যাঞ্জেলেসের জুরি বোর্ড মেটা ও ইউটিউবকে দায়ী সাব্যস্ত করে। বোর্ডের মতে, এক কিশোরের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির জন্য দুটি প্রতিষ্ঠানই দায়ী ছিল।

ওই কিশোরটিকে ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন জুরি বোর্ড।

Share post:

Popular

More like this
Related

চীনের ঋণের চেয়ে বিনিয়োগ নিয়ে বেশি আগ্রহী বাংলাদেশ: অর্থমন্ত্রী

চীনের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব ঋণ থেকে বিনিয়োগের দিকে নিতে...

বন্ধ হলো রংপুরের ঐতিহ্যবাহী ‘শাপলা টকিজ’

একসময় সন্ধ্যা নামলেই শাপলা টকিজের সামনে জমে উঠত মানুষের...

ইরানে হামলা নিয়ে প্রথম সংবাদ সম্মেলন, বক্তব্য রাখবেন পেন্টাগন প্রধান

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত সামরিক অভিযান তৃতীয়...

পুরোনো অভ্যাসেই গেলো আরেকটি বছর, নতুন বছরে আবার নতুন আশা

বাংলাদেশের ক্রীড়াঙ্গন, আগের মতোই মাঠে আরও একটি মিশ্র বছর...