সকল আমদানি পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

Date:

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো ঢালাও শুল্ক অবৈধ ঘোষণা করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে তিনি আমদানি পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করার পরপরই শুক্রবার ওভাল অফিসে তিনি এই শুল্ক আদেশে সই করেন।

সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, এই আদেশ ‘অবিলম্বে কার্যকর’ হবে। গত এক বছর ধরে তিনি বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করে আসছিলেন।

হোয়াইট হাউসের তথ্য বিবরণী অনুযায়ী, নতুন এই শুল্ক আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এবং ১৫০ দিন বহাল থাকবে। তবে ওষুধশিল্পসহ বিশেষ কয়েকটি খাত এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির আওতায় যেসব পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, সেগুলো এই শুল্কের আওতামুক্ত থাকবে।

হোয়াইট হাউস আরও জানিয়েছে, যেসব বাণিজ্যিক অংশীদার ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইতোমধ্যে শুল্ক সমঝোতায় পৌঁছেছে, তাদেরও এখন ১০ শতাংশ শুল্ক গুনতে হবে। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ভবিষ্যতে ‘আরও যথাযথভাবে শুল্ক বাস্তবায়নের’ উপায় খুঁজবে।

এর আগে শুক্রবার সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে রায় দেন যে ১৯৭৭ সালের যে আইনের ওপর ভিত্তি করে ট্রাম্প বিভিন্ন দেশের ওপর হঠাৎ শুল্ক আরোপ করছিলেন, তা প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। এই রায়ের ফলে নিজের দেশে শক্ত আইনি বাধার মুখে পড়লেন ট্রাম্প।

ট্রাম্প নিজে যে দুজন বিচারপতিকে নিয়োগ দিয়েছিলেন, তারাও এই রায়ের পক্ষে অবস্থান নেন। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাম্প বলেন, আদালত বিদেশি স্বার্থ দ্বারা প্রভাবিত হয়েছে। তবে নিজের এই দাবির স্বপক্ষে কোনো প্রমাণ হাজির করেননি তিনি।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আদালতের কিছু সদস্যের জন্য লজ্জিত, একেবারেই লজ্জিত। আমাদের দেশের জন্য যা সঠিক, তা করার সাহস তাদের নেই।’

ডালাসের ইকোনমিক ক্লাবে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বিকল্প পদ্ধতিতে ২০২৬ সালে শুল্ক রাজস্ব অপরিবর্তিত থাকবে।

আদালতকে ট্রাম্প প্রশাসন বলেছে, শুল্ক অবৈধ প্রমাণিত হলে আমদানিকারী কোম্পানিগুলোর কাছ থেকে আদায় করা শুল্ক ফেরত দেওয়া হবে। কিন্তু রায়ে এ বিষয়ে কিছু বলা হয়নি। ট্রাম্প বলেছেন, অর্থ ফেরত দেওয়া হবে কি না, তা নিয়ে বছরের পর বছর আইনি লড়াই চলতে পারে। ট্রাম্পের পক্ষে থাকা একমাত্র বিচারপতি ব্রেট ক্যাভানিও উল্লেখ করেছেন, অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াটি ‘বিশৃঙ্খল’ হতে পারে।

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেন ওয়ারটন বাজেট মডেলের প্রাক্কলন অনুযায়ী, আদালতের এই রায়ের ফলে ১৭৫ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ ফেরত দিতে হতে পারে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম, যিনি ২০২৮ সালে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে, তিনি বলেন, এই ‘অবৈধ অর্থ লুট’ থেকে আমেরিকানদের টাকা ফেরত পাওয়া উচিত। তিনি বলেন, ‘অবৈধভাবে নেওয়া প্রতিটি ডলার সুদসহ অবিলম্বে ফেরত দিতে হবে।’

ইয়েল ইউনিভার্সিটির বাজেট ল্যাব বলছে, শুক্রবারের সিদ্ধান্তের পর ভোক্তাদের ওপর গড় শুল্কহার ১৬ দশমিক ৯ শতাংশ থেকে কমে ৯ দশমিক ১ শতাংশে দাঁড়াবে। 

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য জানিয়েছে, তারা আদালতের সিদ্ধান্ত পর্যালোচনা করছে। কানাডা আদালতের রায়কে স্বাগত জানিয়েছে।

Share post:

Popular

More like this
Related

ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব শুরু আসিফ নজরুলের

যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর...

কড়াইল বস্তিতে আগুন: প্রতিবন্ধী বকুল বেগমকে বাঁচাল প্রতিবেশী কিশোর

কড়াইল বস্তিতে আজ মঙ্গলবার বিকেলে যখন আগুন লাগে তখন...

নতুন আইফোন কবে আসবে জানালো অ্যাপল

অ্যাপল তাদের পরবর্তী পণ্য উন্মোচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে।আগামী...

নিরাপত্তার নামে ঢাবির ছাত্রী হলে কেন এই নিয়ন্ত্রণ?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে একটি নিয়ম চালু আছে। রাত...