সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন

Date:

বেক্সিমকো গ্রুপ ও শাইনপুকুর সিরামিকস পরিচালনার জন্য ৭ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন বোর্ডে থাকছেন না শিল্প গ্রুপটির সাবেক ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমান।

সুপ্রিম কোর্টের মৌখিক নির্দেশনা ও বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দুই প্রতিষ্ঠানের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সালমানের ভাই এ এস এফ রহমান।

শাইনপুকুর সিরামিকস বোর্ডের অন্যান্য সদস্য হবেন ইকবাল আহমেদ, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ। এছাড়া, করপোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হবে।

শাইনপুকুরের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী একইসঙ্গে শাইনপুকুর ও বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। এখানেও কোম্পানির মনোনীত পরিচালক থাকবেন ইকবাল, আজমল ও কামরুন নাহার।

শাইনপুকুরের একজন স্বতন্ত্র পরিচালক হবেন শাহ মঞ্জুরুল হক। আরেকজন করপোরেট কোড অনুযায়ী নিয়োগ পাবেন।

সালমান এফ রহমানকে ছাড়াই দুই প্রতিষ্ঠানের বোর্ড পুনর্গঠনের মাধ্যমে বেক্সিমকো গ্রুপের পরিচালনা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন বোর্ডকে বিএসইসির বিধান মেনে চলতে এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা করে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।

২০২৪ সালের দেশের রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে বেক্সিমকো গ্রুপ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পার হচ্ছে। সেসময় গ্রুপটির কিছু কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ওই বছরের আগস্টে গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছেন।

একপর্যায়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে বিএসইসি বেক্সিমকো ফার্মায় ৯ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছিল। সেই নিয়োগ চ্যালেঞ্জ করে কোম্পানিটি আদালতে যায়।

এরপর থেকে কোম্পানিটির হিসাব অনুমোদন বা আর্থিক ফলাফল প্রকাশের জন্য পর্ষদের কোনো সভা অনুষ্ঠিত হয়নি। 
প্রতিকূল পরিস্থিতি ও ব্যবসায়িক জটিলতার কথা উল্লেখ করে গত ৩ সেপ্টেম্বর সালমান এফ রহমানের পদত্যাগের বিষয়ে বিএসইসিকে চিঠি দেয় বেক্সিমকো ফার্মা।

১৯৭৬ সালে যৌথভাবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন সালমান। দীর্ঘবছর ধরে কোম্পানির পর্ষদে দায়িত্ব পালন করেছেন তিনি।

Share post:

Popular

More like this
Related

যুক্তরাষ্ট্রে কেমন আছেন নওশীন

কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন নওশীন নাহরীন মৌ।...

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত: আইএলএনএ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ...

নতুন অধ্যায় শুরু করলেন ৫৮ বছর বয়সী ‘কিং কাজু’ 

অবিশ্বাস্য পথচলায় জাপানের ফুটবল কিংবদন্তি কাজুয়োশি মিউরা শুরু করলেন...

গাজীপুরে সরকারি বরাদ্দের ৮০ বস্তা ইউরিয়া সারসহ পিকআপ আটক

গাজীপুরের শ্রীপুরে সরকারি বরাদ্দকৃত ৮০ বস্তা ইউরিয়া সারসহ একটি...