‘আমাদের পথিকৃৎ ছিলেন আতাউর রহমান’

Date:

অভিনেতা ও নির্দেশক আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা তারিক আনাম খান। তিনি বলেন, বাংলাদেশের আধুনিক নাট্যচর্চায় আতাউর রহমান ছিলেন একজন পথিকৃৎ ও নিবেদিতপ্রাণ মানুষ।

দীর্ঘদিন ধরে মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে আসছেন তারিক আনাম খান। সদ্য প্রয়াত অভিনেতা-নির্দেশক আতাউর রহমানের সঙ্গে তার পরিচয় ও সখ্যতা ছিল বহুদিনের। খুব কাছ থেকে দেখেছেন এই নাট্যব্যক্তিত্বকে।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে তারিক আনাম খান বলেন, ‘একজন কমিটেড মানুষ ছিলেন আতাউর রহমান। সারাজীবন কমিটমেন্ট ধরে কাজ করে গেছেন। আমাদের পথিকৃৎ তিনি। গ্রুপ থিয়েটার ফেডারেশনে বড় দায়িত্ব পালন করেছেন। আধুনিক নাট্যচর্চা করেছেন।’

তিনি জানান, ১৯৬৮ সালে আতাউর রহমান ও জিয়া হায়দার মিলে নাগরিক নাট্যসম্প্রদায় গঠন করেন। স্বাধীনতার পর আরও অনেকে এই দলে যুক্ত হন। বাংলাদেশের নাট্যচর্চার শুরুর দিকেই আতাউর রহমান নাটক নির্দেশনা দিয়েছেন, অভিনয়ও করেছেন।

তারিক আনাম খান বলেন, ‘সম্ভবত ১৯৭৩-৭৪ সালের দিকে তার সঙ্গে আমার সখ্যতা গড়ে ওঠে। সেটা আজীবন ছিল।’

আতাউর রহমানের ব্যক্তিগত স্বভাবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আতাউর রহমানের সঙ্গে হাসি-ঠাট্টার সম্পর্ক ছিল। মজা করতেন। আড্ডা পছন্দ করতেন। আড্ডাপ্রিয় মানুষ ছিলেন। আমার বাসায়, কখনো আতা ভাইয়ের বাসায় আড্ডা দিয়েছি। কখনো কখনো আলী যাকেরের বাসায়ও আড্ডা দিয়েছি।’

নাট্যকেন্দ্র প্রতিষ্ঠার সময় আতাউর রহমানের উৎসাহের কথাও স্মরণ করেন তারিক আনাম খান। তিনি বলেন, ‘আমি যখন নাট্যকেন্দ্র প্রতিষ্ঠা করি, সেই সময় আতাউর রহমান একবার এসেছিলেন। নতুন সদস্য নেওয়া হবে এবং বোর্ড গঠন করা হয়েছিল। তিনি ভীষণ উৎসাহ দিয়েছিলেন সেই সময় আমাকে। যা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমার নির্দেশনা নিয়েও তিনি প্রশংসা করেছেন এবং সমালোচনা লিখেছেন। এসব আমার জন্য ছিল বিশাল অনুপ্রেরণা।’

টেলিভিশন নাটকে একসঙ্গে কাজ করার স্মৃতিচারণ করে তারিক আনাম খান বলেন, ‘আমরা একসঙ্গে টিভি নাটকে অভিনয় করেছি। “লাল মাটির কালো ধোঁয়া” নামে একটি ধারাবাহিকে অভিনয় করেছিলাম আতা ভাই আর আমি। অনেক আগের কথা। নাটকটির নাট্যকার ছিলেন সেলিম আল দীন।’

তিনি জানান, পরে ‘গুলশান এভিনিউ’ নাটকেও আতাউর রহমান অভিনয় করেছিলেন।

‘কাজেই স্মৃতির শেষ নেই,’ বলেন তিনি।

আতাউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে তারিক আনাম খান বলেন, ‘তার চলে যাওয়ায় দুঃখ পেয়েছি। আসলে এভাবেই চলে যেতে হয়, জীবন এমনই। তবে তার উৎসাহ আমাকে অনুপ্রাণিত করেছে, তা মনে থাকবে সবসময়।’

Share post:

Popular

More like this
Related

সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, ৮ জনের প্রাণহানি

চীনের পূর্বাঞ্চলের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় আট জনের...

মাঠের লড়াই থামাচ্ছেন অস্কার, হৃদ্‌যন্ত্রের জটিলতায় অবসরের সিদ্ধান্ত

ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত...

মানুষ এখন পর্যন্ত পিআর বুঝতেই পারছে না: ফখরুল

দেশের মানুষ এখন পর্যন্ত পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) বুঝতে পারছে...