ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।
আজ শনিবার বিবিসি জানিয়েছে, আইডিএফ এক বার্তায় বলেছে যে ‘কিছুক্ষণ আগে ইরানের ভূমি থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি চিহ্নিত করতে পেরেছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।’
এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়—ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে ইরান ইসরায়েলের ওপর ‘প্রতিশোধ’ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
সিএনএন জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে যে তারা ইরানে যে হামলা চালিয়েছে, তার নাম ‘রোয়ারিং লায়ন’ রাখা হতে পারে। গত বছর জুনে ইসরায়েল ইরানে যে হামলা চালিয়েছিল, তার নাম দিয়েছিল ‘রাইজিং লায়ন’।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুগপৎ হামলার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে—ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এমন বার্তা দেওয়ার পর ইহুদি রাষ্ট্রটির উত্তরাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আজ শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে কাজ করছে।
ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে এমন ঘোষণার পরপরই ইসরায়েলের উত্তরাঞ্চলে বিস্ফোরণের শব্দ পাওয়া গেল।
তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতির সংবাদ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি সংবাদমাধ্যমটি।
