‘খুব ছোটবেলা থেকেই আর্জেন্টিনার খেলা পছন্দ করি’

Date:

দীপা খন্দকার সময়ের আলোচিত অভিনয়শিল্পী। ২৫ বছর ধরে তিনি অভিনয় করছেন। সদ্য প্রচার শেষ হওয়া ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফাতেমা ফুপুর চরিত্র দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। ঈদের নাটকগুলোর জন্যও দর্শকদের ভালোবাসা পেয়েছে। বিশেষ করে ‘আবার হবে দেখা’ নাটকে আফজাল হোসেনের স্ত্রীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন দীপা খন্দকার।

বিশ্বকাপ ফুটবল নিয়ে সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তিনি।

দীপা খন্দকার ফুটবল খেলা পছন্দ করেন, খেলা দেখেনও। তার পছন্দের দল আর্জেন্টিনা। তিনি বলেন, ‘খুব ছোটবেলা থেকেই আর্জেন্টিনার খেলা পছন্দ করি। আর্জেন্টিনা আমার প্রিয় দল। ছোটবেলায় দেখেছি, বাসার সবাই এই দল সমর্থন করেন, সেভাবেই আমিও করি। বড় হওয়ার পরও পছন্দের দল হিসেবে এটিই থেকে গেছে।’

আর্জেন্টিনার কার কার খেলা ভালো লাগে? জবাবে দীপা খন্দকার বলেন, ‘অবশ্যই মেসির। মেসির খেলার মধ্যে একধরনের জাদু আছে। বলটা যেভাবে টেনে নিয়ে যায়! প্রিয় দলের আরও অনেকের খেলাই ভালো লাগে। তবে বেশি ভালো লাগে মেসির খেলা। আমার তো মনে হয়, যারা অন্য দল সমর্থন করেন, তারাও মেসির খেলার প্রশংসা করেন।’

তিনি বলেন, ‘আর্জেন্টিনা সমর্থন করলেও আরও বেশ কয়েকটি দেশের খেলা ভালো লাগে। ইউরোপের বেশ কয়েকটি দলের খেলা পছন্দ করি। সত্যি কথা বলতে, খেলাটা হচ্ছে উপভোগ করার বিষয়। বিশ্বকাপ ফুটবল আসে আর আমরা সবাই তা উপভোগ করি।’

বিশ্বকাপ ফুটবল মানেই উন্মাদনা, এটিকে কীভাবে দেখেন? তিনি বলেন, ‘ইতিবাচকভাবেই দেখি। তবে অতিরিক্ত কিছু যেন না হয়। ভ্রাতৃত্ব ধরে রেখে যেন খেলাটা উপভোগ করি।’

গত বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলার স্মৃতি মনে করে দীপা খন্দকার বলেন, ‘সেদিন আমার শুটিং ছিল। ইউনিটের সবাই মিলে শুটিং করেছি, আবার খেলাও দেখেছি। শুটিং করতে দেরি হয়ে যায়। ফাইনাল খেলা বলে কথা! ওই স্মৃতি ভোলার নয়। সবাই খুব আনন্দ নিয়ে সেদিন ফাইনাল খেলা দেখেছিলাম।’

এবার প্রিয় দল নিয়ে প্রত্যাশা কতটুকু? তিনি বলেন, ‘প্রত্যাশা তো অনেক। দেখা যাক কী হয়, অপেক্ষা করছি। অন্য সবার মতো আমারও প্রত্যাশা বেশি। বড় অঘটনও ঘটতে পারে। সেই আশায় আছি।’

ম্যারাডোনার খেলা নিয়ে তিনি বলেন, ‘বহু বছর আগে তার খেলা দেখেছি। কী দুর্দান্ত খেলতেন! তার খেলা মানেই আলাদা কিছু, সুন্দর কিছু। এ জন্যই তো তিনি ম্যারাডোনা।’

Share post:

Popular

More like this
Related

‘তৌহিদী জনতা’ আসলে কারা?

বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি শব্দ বেশ...

জীবাশ্মের ‘হাসি’

নর্থাম্বারল্যান্ডের হলি আইল্যান্ডে হাঁটছিলেন ৬৪ বছর বয়সী ক্রিস্টিন ক্লার্ক।...

হাদিকে নিয়ে হৃদয়, ‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত নয়নে শেষ...

এবি, আপ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে এনসিপির নতুন জোট, আজকালের মধ্যেই চূড়ান্ত

আসন্ন সংসদ নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে...