এআইয়ের সাহায্যে ২০ বছর আগে হারানো চিত্রকর্ম খুঁজে পেল পুলিশ

Date:

শিল্পকর্ম চুরি বিশ্বজুড়ে একটি সমস্যা। এ ধরনের অপরাধ মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিভিন্ন দেশের পুলিশ। তবে পরিস্থিতি বদলাচ্ছে। এআই প্রযুক্তির আশীর্বাদে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা শিল্পকর্মও শনাক্ত করতে পারছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

সম্প্রতি ইতালির পারমা শহরে এআইয়ের সহায়তায় ২০ বছর আগে চুরি হওয়া একটি চিত্রকর্ম উদ্ধারের খবর পাওয়া গেছে।

আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২৪ সালের অক্টোবরে ইতালির পারমায় বার্ষিক পুরাকীর্তি মেলায় নিয়মিত পরিদর্শনে গিয়ে বিভিন্ন স্টলে রাখা শিল্পকর্মের ছবি তুলছিলেন পুলিশ কর্মকর্তারা। শিল্পকর্ম উপভোগের জন্য নয়, বরং গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবেই তারা এ কাজ করছিলেন।

বিক্রেতাদের সঙ্গে হাসিমুখে কথা বলতে বলতে পুলিশ কর্মকর্তারা মেলার বিভিন্ন স্টলে ঘুরছিলেন। সেখানে ছিল মুষ্টির সমান ব্রোঞ্জের মূর্তি, পুরোনো পাত্র, হলদেটে হয়ে যাওয়া গ্লোব এবং অসংখ্য তৈলচিত্র। এসব শিল্পকর্মের ছবি কর্মকর্তারা নিজেদের অভ্যন্তরীণ ডেটাবেজে আপলোড করেন।

কিন্তু মাত্র কয়েক ঘণ্টা পরই পুলিশের এআই ব্যবস্থা একটি ছবিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে সতর্কবার্তা দেয়।

ছবিটিতে দেখা যাচ্ছিল, অ্যাকুয়ামেরিন ও লাল রঙের পোশাক পরা এক তরুণী এক হাতে আংশিক খোলা পার্চমেন্টের একটি পাণ্ডুলিপি ধরে আছেন। তার গায়ের রং ফর্সা।

পরদিন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে চিত্রকর্মটি জব্দ করেন। এরপর শিল্পকর্ম বিশেষজ্ঞরা সেটি পরীক্ষা করে দেখেন।

ইতালির সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষাবিষয়ক পুলিশ ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল সালভাতোরে রাপিকাভোলি বলেন, ছবিতে থাকা পাণ্ডুলিপিটি দেখে তদন্তকারীদের সন্দেহ আরও জোরালো হয়। তার ভাষায়, ‘কিছু একটা ঠিক মনে হচ্ছিল না।’

রাপিকাভোলির দল অনেক দিন ধরে ইতালিজুড়ে চুরি হওয়া শিল্পকর্ম খুঁজে বের করার কাজ করছে।

তিনি জানান, ওই মেলায় বিশেষভাবে তৈরি নতুন এআই ব্যবস্থা পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছিল। এ প্রযুক্তির ব্যবহারে তাদের কাজের দক্ষতা অনেক বেড়েছে।

২০২৩ সালের নভেম্বরে ব্যবস্থা চালুর পর থেকে এআইয়ের সহায়তায় তার দল ৩০০টিরও বেশি বড় চিত্রকর্ম ও মূর্তি এবং এক লাখ ৬৫ হাজারের বেশি ছোট আকারের নিদর্শন উদ্ধার করতে পেরেছে। এসব নিদর্শনের মধ্যে রয়েছে মুদ্রা, পদক, চিঠি, পাণ্ডুলিপি, ডাকটিকিট ও কার্ড। এসব নিদর্শনের মোট মূল্য ২২৬ মিলিয়ন ডলারেরও বেশি (বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার ৮০২ কোটি ৪০ লাখ টাকা)।

তথ্যপ্রযুক্তি প্রকৌশলী রাপিকাভোলি ২০১৩ সালে ইতালীয় পুলিশের চুরি হওয়া শিল্পকর্ম উদ্ধারের দলে যোগ দেন। ২০২০ সালে তার দল ‘স্টোলেন ওয়ার্কস অব আর্ট ডিটেকশন সিস্টেম’ (সোয়াডস) নামে একটি এআই অ্যালগরিদম তৈরির পরিকল্পনা করে। এই প্রযুক্তির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এটি শিল্পকর্মের মধ্যে লুকিয়ে থাকা দৃশ্যগত বৈশিষ্ট্য শনাক্ত করতে পারে। রঙ ও সামগ্রিক আকৃতির মধ্যে মিল খুঁজে বের করে এটি দুটি ছবির তুলনা করে।

২০ বছর আগে চুরি হওয়া মূল চিত্রকর্মটিতে একই ফর্সা তরুণীর হাতে পাণ্ডুলিপির বদলে একটি ছোট সাদা মেষশাবক ও একটি পামগাছের ডাল ছিল। পরে চিত্রকর্মটিকে একধরনের ‘ছদ্মবেশ’ দেওয়া হয়।

চুরির পর ছবিটিকে কম চেনা যায় এমন করে তুলতে এর ওপর নতুন করে রং করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মেষশাবকটিকে পাণ্ডুলিপির মতো দেখানো হয় এবং মাথার জ্যোতির্বলয় ও পামগাছের ডাল মুছে ফেলা হয়। ফলে সেন্ট অ্যাগনেসকে একজন সাধারণ তরুণীর মতো দেখাচ্ছিল।

কিন্তু চিত্রকর্মে পরিবর্তন আনা হলেও এআই রং, নকশা ও ছবির বিন্যাসের মধ্যে মিল খুঁজে পেয়ে এই ছবিটিকে শনাক্ত করে।

আরও তদন্তের পর নিশ্চিত হওয়া যায়, ১৭শ শতকের সেন্ট অ্যাগনেসের এক মিটার উঁচু চিত্রকর্মটি ২০০৪ সালের ১১ আগস্ট রাতে চুরি হয়েছিল। নেপলসের কাছে সুলমোনার ভারগো পোটেনস গির্জা থেকে এটি চুরি করা হয়। পারমার শিল্পমেলা থেকে গির্জাটির দূরত্ব ৫০০ কিলোমিটারেরও বেশি।

কোটি কোটি ডলারের কোনো চাঞ্চল্যকর শিল্পকর্ম চুরির ঘটনার সমাধান না হলেও স্থানীয় মানুষের কাছে এই চিত্রকর্মের আবেগগত ও ঐতিহ্যগত মূল্য কম নয় বলে মনে করেন রাপিকাভোলি।

২০২৫ সালের ২০ মে তার দল চিত্রকর্মটি সুলমোনার ভারগো পোটেনস গির্জায় ফিরিয়ে দেয়। সেখানে এটি সংস্কার করে আবার আগের জায়গায় টাঙানো হবে।

Share post:

Popular

More like this
Related

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল

রাষ্ট্রায়ত্ত তিন বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের...

ভারতে আলোচিত জয়ার সিনেমা

পর্দায় জয়া আহসানের উপস্থিতি মানেই যেন নতুন চমক। তিনি...

আলোচনার জন্য ইরান খুব দেরি করে ফেলেছে: ট্রাম্প

ইরান আলোচনার চেষ্টা করেছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

টনির জোড়া গোলে রোনালদোর আল-নাসরের প্রথম হার

সৌদি প্রো লিগে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেল ক্রিস্তিয়ানো...