ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে আমন ও শীতকালীন ফসলের ক্ষতির শঙ্কা

Date:

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের কৃষক নায়েব আলী গত মঙ্গলবার চার বিঘা জমির আমন ধান কেটেছিলেন। মাড়াইয়ের জন্য বাড়িতে নেওয়ার আগে শুকানোর জন্য ধানগুলো জমিতেই ফেলে রেখেছিলেন তিনি। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে হওয়া বৃষ্টিতে সেই কাটা ধান ভিজে গেছে এবং জমির কিছু অংশ তলিয়ে গেছে। এতে তার মাসের পর মাস ধরে করা কঠোর পরিশ্রম এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

নায়েব আলী বলেন, ‘প্রতি বিঘা জমিতে চাষাবাদ করতে আমার ১২ থেকে ১৪ হাজার টাকা খরচ হয়েছে। ধানগুলো বাঁচাতে না পারলে আমাকে পুরোপুরি লোকসানের মুখে পড়তে হবে।’

নায়েব আলীর মতো দেশের আরও অনেক কৃষকের আমন ও শীতকালীন ফসল টানা চার দিনের থেমে থেমে হওয়া বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন হয়েছে। ফসল কাটা ও মাড়াই করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। অন্যদিকে জলাবদ্ধতার কারণে নতুন রোপণ করা সবজি এবং বোরো বীজতলার চারার গোড়া পচে যাওয়ার ঝুঁকি বেড়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ১৮ থেকে ২১ নভেম্বরের মধ্যে দেশের ৬৪টি জেলায় যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তা পুরো নভেম্বর মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের সমান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডলের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই বৃষ্টিতে ১৬ জেলার ২৩ হাজার ১০০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রায় সাত হাজার হেক্টর জমির আমন ধান, সাত হাজার ৬০০ হেক্টর জমির সরিষা এবং পাঁচ হাজার হেক্টর জমির বিভিন্ন ধরনের সবজি রয়েছে।

ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে সাতক্ষীরা, খুলনা, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মৌলভীবাজার, নড়াইল, বাগেরহাট, যশোর ও চাঁদপুর উল্লেখযোগ্য।

মো. ওবায়দুর রহমান মণ্ডল জানান, চলতি মৌসুমে সারা দেশে ৫৭ লাখ ৩৫ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ২৬ শতাংশ ধান কাটা হয়েছে।

ঝিনাইদহ সদর উপজেলার কৃষক নজরুল ইসলাম জানান, দুই দিনের টানা বৃষ্টিতে তার বাঁধাকপি, ফুলকপি ও অন্যান্য সবজিখেতে পানি জমে গেছে। আরও বৃষ্টি হলে ফসল পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার টানা দুই দিনের বৃষ্টিতে নিচু এলাকার ধান ও সবজিখেত তলিয়ে গেছে। জেলার ছয়টি উপজেলায় কমবেশি ক্ষয়ক্ষতির তথ্য রেকর্ড করা হয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এক লাখ চার হাজার ৫০৬ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছিল, যার মধ্যে দুই হাজার ৫৯৫ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।

এ ছাড়া জেলার ৮৫০ হেক্টর জমির পেঁয়াজ, ৬৫৩ হেক্টর জমির সবজি, ২১৮ হেক্টর জমির মসুর ও মাষকলাই, ১৩৭ হেক্টর জমির ভুট্টা ও গম, ৪৮৯ হেক্টর জমির সরিষা এবং ১৪৬ হেক্টর জমির রসুনখেত পানিতে ডুবে গেছে।

মৌলভীবাজারের কবিরাজী গ্রামের কৃষক সাজু মিয়া বলেন, ‘সময়মতো পাকা ধান কাটতে না পারলে ফসল ও ধানের মান দুটোই নষ্ট হয়ে যাবে। এমনিতেই ধানের দাম কম, তার ওপর শ্রমিক পাওয়া যাচ্ছে না। এর মধ্যে আবার এমন বৈরী আবহাওয়ার মুখে পড়তে হলো।’

কুলাউড়া উপজেলার কৃষক শাহাদাত হোসেন বলেন, ‘আমি মনু নদীর পাড়ে ধানের পাশাপাশি লাউ, বেগুন, আলু, শিম ও করলা চাষ করেছিলাম। বৃষ্টিতে এসব খেতের ব্যাপক ক্ষতি হয়েছে।’

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, কৃষকদের বড় ধরনের ক্ষতি হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

যশোরের শ্যামলাগাছি গ্রামের কৃষক আবুল হোসেন জানান, বৃষ্টি শুরু হওয়ার আগেই তিনি ধান কেটে জমিতে রেখেছিলেন। এখন সেই কাটা ধানের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে।

তিনি বলেন, ‘রোদ না উঠলে ধান শুকিয়ে বাড়িতে তুলতে পারব না। বৃষ্টি চলতে থাকলে ধান পচে গিয়ে আমার বড় ধরনের লোকসান হবে।’

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন বলেন, অনেক কৃষক আমন ধান কাটা শেষ করেছেন, আবার অনেকে কাটা ধান জমিতেই ফেলে রেখেছেন। বৃষ্টির কারণে জমিতে পড়ে থাকা কাটা ধান ভিজে গেছে।

পটুয়াখালীতে তিন দিনের বৃষ্টিতে কৃষক জসিম খানের খেতের ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। তিনি বলেন, ‘ধান এভাবে পানিতে ডুবে থাকলে দানা নষ্ট হয়ে যেতে পারে এবং আমাদের বড় ক্ষতির মুখে পড়তে হবে।’

রাঙ্গাবালী উপজেলার চর নাজির গ্রামের কৃষক হাবিব মৃধা জানান, তার বীজতলার চারাগুলো এখনো ছোট। তিনি বলেন, ‘পানি দীর্ঘক্ষণ জমে থাকলে চারার গোড়া পচে বীজতলা নষ্ট হয়ে যাবে। নতুন করে বীজ বুনতে গেলে বাড়তি খরচ গুনতে হবে।’

রংপুরের পীরগাছা উপজেলার চণ্ডীপুর গ্রামের কৃষক যতীন চন্দ্র মহন্ত (৬৫) জানান, তিনি পাঁচ বিঘা জমির আমন ধান কেটে মাঠেই ফেলে রেখেছিলেন। শনিবার বিকেলে কাটা ধান বাড়িতে তোলার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। রোববার দিনভর বৃষ্টি অব্যাহত থাকায় সেদিনও তিনি ধান ঘরে তুলতে পারেননি।

তিনি বলেন, ‘খেতে এখনো জলাবদ্ধতা তৈরি হয়নি। তবে সোমবার আবার বৃষ্টি হলে পানি জমে যেতে পারে। জমিতে পানি জমলে ধানের বড় একটি অংশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা গ্রামের কৃষক বজলুর রহমান (৬০) জানান, তিনি ১০ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছিলেন। বৃহস্পতিবার ও শুক্রবার চার বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলেছেন। এ ছাড়া আরও তিন বিঘা জমির ধান কেটে মাঠে রেখেছেন তিনি।

কিন্তু বৃষ্টির কারণে কাটা ধান বাড়িতে আনতে না পারায় তা মাঠেই পড়ে আছে। বজলুর রহমান বলেন, ‘সোমবারের মধ্যে ধান বাড়িতে তুলতে না পারলে আমাকে লোকসানের মুখে পড়তে হবে।’

(প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন দ্য ডেইলি স্টারের রংপুর, বেনাপোল ও পটুয়াখালী সংবাদদাতারা।)

Share post:

Popular

More like this
Related

আমেরিকায় কেমন আছেন নোভা

‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে পথচলা...

ভারতের আসামে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

ভারতের আসাম রাজ্যে সুখোই এসই-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায়...

‘টি-টোয়েন্টিতে আফগানদের সাফল্যের পেছনে ব্যক্তিগত পরিশ্রম’

আফগানিস্তানের আগ্রাসী ওপেনার রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা বেশ...

তফসিল ঘোষণার বিষয়ে আলোচনায় রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ইসির চিঠি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার...