নুনে পোড়া শৈশব

Date:

‘আমি পড়তে চাইতাম, কিন্তু এখন আর সম্ভব না’—কথাটা বলার সময় রূপার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না। ছিল না রাগ, ছিল না কান্না। শুধু ছিল নীরব মেনে নেওয়া।

মাত্র ১৬ বছর বয়সে বিয়ের পর স্কুলের বইগুলোকে বিদায় বলতে হয়েছে তাকে। যে মেয়েটি এক সময় নার্স হওয়ার স্বপ্ন দেখত, মানুষের সেবা করতে চাইতো, নিজের পায়ে দাঁড়াতে চাইতো, আজ তার দিনের বড় অংশ কেটে যায় গৃহস্থালি কাজে।

রূপার গল্প কেবল স্কুল ছেড়ে দেওয়ার নয়। এর সঙ্গে জড়িয়ে আছে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা, জীবিকার সংকট, দারিদ্র্য, বাল্যবিয়ে এবং একজন কিশোরীর যৌন ও প্রজনন স্বাস্থ্যের ঝুঁকি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এই গল্প কেবল একজন রূপার নয়—তার মতো আরও অনেকের।

শ্যামনগরের বুড়ি গোয়ালিনী ইউনিয়নের একটি ছোট্ট গ্রামে রূপার (ছদ্মনাম) বেড়ে ওঠা। চারদিকে লবণাক্ত পানির মাছের ঘের, ভাঙা বাঁধ আর দূরে দিগন্ত রেখার মতো দেখা যায় সুন্দরবন। এই এলাকায় অধিকাংশ পরিবার কৃষি, চিংড়ি ও কাঁকড়া চাষ এবং মাছ শিকারের ওপর নির্ভরশীল।

রূপার বাবা অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন। সামর্থ্য কম হলেও এই কৃষকের স্বপ্ন ছিল তার দুই মেয়ে লেখাপড়া শিখে অনেক বড় হবে। ২০০৪ সালে ডাল কাটতে উঠে গাছ থেকে পড়ে তিনি স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান।
সংসারের দায়িত্ব এসে পড়ে রূপার মায়ের কাঁধে। বর্গা চাষি, কখনো চিংড়ির ঘেরে শ্রমিক, কখনো অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে চলছিল। কষ্ট ছিল, কিন্তু স্বপ্ন তখনো ছিল।

তারপর আসে ঘূর্ণিঝড় আইলা। ২০০৯ সালের সেই দুর্যোগ শুধু ঘরবাড়ি ভাঙেনি, লবণাক্ত পানিতে নষ্ট হয়ে যায় জমির ফসল। আরও সংকুচিত হয় আয়ের পথ। ফনী, বুলবুল, আম্পানও তাদের ঘর ভেঙেছে, জমি নষ্ট করেছে। প্রতিবার তাদের অর্থনৈতিক চাপ আরও বেড়েছে। এর মধ্যে গেছে করোনা মহামারি।

‘আগে জমিতে ধান হতো। এখন লবণ পানির কারণে ফসল হয় না,’ বলছিলেন রূপার মা।

দক্ষিণ-পশ্চিম উপকূলবাসী অনেকেই কৃষির পাশাপাশি চিংড়ি-কাঁকড়া চাষ, দিনমজুরি বা অন্য অনিশ্চিত আয়ের পথে পা বাড়িয়েছেন।

রূপার বড় বোন ছন্দার (ছদ্মনাম) স্বপ্ন ছিল শিক্ষক হবে। আর্থিক চাপ সামলাতে মাত্র ১৬ বছর বয়সে তাকেও সংসারের পথে এগোতে হয়। তখন সে দশম শ্রেণির শিক্ষার্থী। বই-খাতার জায়গা নেয় সংসারের দায়িত্ব। বড় মেয়ের বিয়ে দিয়েও পরিবারের সংকট দূর হয়নি। পঙ্গু স্বামীর চিকিৎসা, খাবার খরচ এবং ছোট মেয়ের পড়াশোনা—সব একা হাতে সামলানো রূপার মায়ের জন্য ক্রমেই কঠিন হয়ে ওঠে।

একই প্রশ্ন রূপার জীবনেও ফিরে আসে, ‘মেয়েকে আর কতদিন পড়ানো সম্ভব?’

রূপার মা বলেন, ‘মেয়েকে কতদিন রাখব? ঘর ভেঙে গেছে, কাজ নেই। বিয়ে দিলে অন্তত একটা দায় কমবে!’

এই বাক্যেই আছে উপকূলীয় অনেক পরিবারের কঠিন বাস্তবতা। এখানে বাল্যবিয়ে সব সময় শুধু একটি সামাজিক সিদ্ধান্ত নয়। কখনো কখনো এটি হয়ে ওঠে অর্থনৈতিক সংকট থেকে বের হওয়ার মরিয়া চেষ্টা।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির ২০২৩ সালে পরিচালিত এক গবেষণার তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের ফলে দেশের উপকূলীয় অঞ্চলে (বিশেষত ভোলা ও সাতক্ষীরা) বাল্যবিয়ের হার প্রায় ৩৯ শতাংশ বেড়েছে।

বাংলাদেশে মেয়েদের বিয়ের আইনসম্মত বয়স ১৮ বছর। কিন্তু দারিদ্র্য, সামাজিক চাপ, নিরাপত্তাহীনতা ও শিক্ষার সুযোগ সীমিত হয়ে যাওয়ার মতো নানা কারণ বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায়।

প্রতিবার দুর্যোগের পর পরিবারগুলোর আয় কমে, জমি নষ্ট হয়, কাজের ধরন বদলায়। পড়াশোনার খরচ তখন পরিবারের কাছে আরও বড় বোঝা হয়ে দাঁড়ায়। শ্যামনগরের মতো এলাকায় অনেক কিশোরীর মাধ্যমিক শিক্ষা শেষ হওয়ার আগেই স্কুল ছেড়ে দিতে হয়। আর স্কুল ছাড়লেই বিয়ের সম্ভাবনা তৈরি হয় খুব দ্রুত।

বাংলাদেশে অনেক শিশু প্রাথমিক শেষ করলেও মাধ্যমিক পর্যন্ত টিকে থাকতে পারে না। উপকূলীয় অঞ্চলে ঝরে পড়ার হার আরও বেশি।

সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) ২০২৩ সালে শ্যামনগর এলাকায় করা একটি গবেষণায় দেখা গেছে, অনেক কিশোরী মাধ্যমিক শেষ করার আগেই স্কুল ছেড়ে দেয় এবং অল্প সময়ের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়।

যেখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস ২০২৫) অনুযায়ী, প্রায় ৮৪ শতাংশ শিশু প্রাথমিক শিক্ষা সম্পন্ন করলেও মাধ্যমিক স্তর সম্পন্ন করে ৫০ শতাংশের কম।

বিয়ের পর রূপার দৈনন্দিন কাজে লবণাক্ত পানির সংস্পর্শ আরও বাড়ে। রূপা বলে, ‘সব সময় শরীর চুলকায়। অনেক সময় তলপেটে ব্যথা করে।’

এ নিয়েও বিভিন্ন সময় প্রকাশিত একাধিক গবেষণাপত্র পাওয়া যায়।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের উপকূলীয় নারীদের মধ্যে লবণাক্ততার সংস্পর্শের সঙ্গে মাসিক ও শারীরিক স্বাস্থ্য সমস্যার উল্লেখযোগ্য সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এখানে বড় প্রশ্ন নিরাপদ পানি কোথায় পাওয়া যাবে, স্বাস্থ্যকেন্দ্র কত দূরে, সেখানে যাতায়াত খরচ কত? নারীর প্রজনন স্বাস্থ্য সমস্যাও এর সঙ্গে সম্পর্কিত।

রূপার পরিবারও স্বাস্থ্যসেবা পাওয়ার এই সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন। তাদের ভাষ্য, ‘ডাক্তার দেখাতে গেলে অনেক দূরে যেতে হয়। সব সময় যাওয়া সম্ভব না।’

এখন রূপার সকাল শুরু হয় ঘরের কাজ দিয়ে; পানি আনা, রান্না করা, ঘর গোছানো, সংসারের নানা দায়িত্ব পালন করতে করতে একটা করে দিন চলে যায়। তবুও পুরোনো বইগুলো রেখে দিয়েছে সে। কখনো কখনো সে বইগুলো বের করে, ধুলো জমা পাতাগুলো উল্টাতে উল্টাতে হয়তো সে ফিরে যায় শৈশবে; যখন তার সামনে ছিল মুক্ত আকাশ। যখন সে নার্স হতে চেয়েছিল। মানুষের সেবা করতে চেয়েছিল। নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল।

নিচু স্বরে রূপা বলল, ‘আমি পড়তে চাইতাম, কিন্তু এখন আর সম্ভব না।’

আমরা প্রায়ই দেখি ভাঙা বাঁধ, ডুবে যাওয়া ঘর, নষ্ট ফসল কিংবা লবণাক্ত নদী। কিন্তু জলবায়ু পরিবর্তনের আরও ছবি আছে; সেখানে একটি মেয়ে স্কুলে যেতে পারছে না, একজন মা তার মেয়েকে স্কুল থেকে ছাড়িয়ে বিয়ে দেওয়ার কথা ভাবছেন। একটি পরিবার জমি হারিয়ে জীবিকার নতুন পথ খুঁজছে। এক তরুণী নিজের শরীরের সমস্যার কথা বলেও চিকিৎসা নিতে পারছে না।

নুসরাত জাহান নিঝুম: সিনিয়র রিসার্চ অ্যাসিসট্যান্ট, ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়

Share post:

Popular

More like this
Related

আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বিতীয় দফায় আরও...

স্থগিতাদেশ থাকলে ৬০ হাজার কোটি টাকা থেকে প্রণোদনা পাবেন খেলাপিরাও

ঋণখেলাপি সংক্রান্ত কার্যক্রমের ওপর আদালতের স্থগিতাদেশ থাকা ঋণগ্রহীতাদের ৬০...

বন্যার্তদের সহায়তায় নেপালে সোনু সুদ

নেপালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশটিতে পৌঁছেছেন...

কুয়েতে মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান।ইরানের সামরিক...