আইসিসির কাছ থেকে যে জবাব পেল বিসিবি

Date:

নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে পাঠানো ই-মেইলের আনুষ্ঠানিক সাড়া পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি বিসিবির শঙ্কা সমাধানে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ জানিয়েছে।

বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আইসসির কাছ থেকে জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সেখানে বলা হয়েছে, ‘আইসিসি তাদের বার্তায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তারা উত্থাপিত উদ্বেগ নিরসনে বিসিবির সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তারা আশ্বাস দিয়েছে যে, টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বিসিবির মতামত ও পরামর্শকে স্বাগত জানানো হবে এবং তা যথাযথভাবে বিবেচনা করা হবে।’

গতকাল মঙ্গলবার রাতে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল— বিসিবিকে আইসিসি স্পষ্টভাবে জানিয়েছে, বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দলকে ভারতে ভ্রমণ করতেই হবে, না হলে পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে হবে। সেই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেছে বিসিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয়ে বোর্ডকে আল্টিমেটাম (চূড়ান্ত সময়সীমা বেঁধে) দেওয়া হয়েছে, যা বিসিবির নজরে এসেছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে, এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং আইসিসির কাছ থেকে পাওয়া বার্তার ধরন বা বিষয়বস্তুর সঙ্গে এর কোনো মিল নেই।’

বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে যোগ করা হয়েছে, ‘২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নির্বিঘ্ন ও সফল অংশগ্রহণ নিশ্চিত করতে বোর্ড আইসিসি এবং সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে পেশাদারভাবে আলোচনা চালিয়ে যাবে, যেখানে একটি বন্ধুত্বপূর্ণ ও বাস্তবসম্মত সমাধানে পৌঁছানোর লক্ষ্যে এই সহযোগিতামূলক আলোচনা অব্যাহত থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব সময়ই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে দৃঢ়প্রতিজ্ঞ।’

বিসিবি গত রোববার একটি চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানোর পর এটিই আইসিসির প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

Share post:

Popular

More like this
Related

‘টি-টোয়েন্টিতে আফগানদের সাফল্যের পেছনে ব্যক্তিগত পরিশ্রম’

আফগানিস্তানের আগ্রাসী ওপেনার রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা বেশ...

তফসিল ঘোষণার বিষয়ে আলোচনায় রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ইসির চিঠি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার...

বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার, কমে আসতে পারে ব্যান্ডউইথ ব্যয়

বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণের পরিকল্পনা করছে ফেসবুক, ইনস্টাগ্রাম...

১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি: বিজিএমইএ

গত ১ নভেম্বর থেকে শুরু হওয়ার পর ১৮ দিনে...