ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

Date:

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তোলার অভিযোগে যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্য, ওয়াশিংটন ডিসি ও দেশটির বিভিন্ন অঞ্চলের সঙ্গে এক হাজার ৭১০ কোটি ডলার (প্রায় ২ লাখ ১০ হাজার কোটি টাকা) পর্যন্ত জরিমানা দেওয়ার সমঝোতা করেছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এই সমঝোতা হয়েছে। মেটা শুরুতে প্রায় এক হাজার ২০০ কোটি ডলার দেবে। স্ন্যাপ, টিকটক ও ইউটিউবও একই ধরনের সমঝোতায় গেলে জরিমানার পরিমাণ বেড়ে এক হাজার ৭১০ কোটি ডলার হতে পারে।

সমঝোতার আওতায় কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় সীমিত করা, রাতের বেলায় নোটিফিকেশন বন্ধ রাখা এবং আসক্তি ও মানসিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত কিছু ফিচার পরিবর্তন করতে রাজি হয়েছে মেটা।

প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রাম ও ফেসবুকে একটানা স্ক্রল করার সুবিধা সীমিত করা হবে এবং দৈনিক দুই ঘণ্টা ব্যবহারের সময়সীমা চালু করা হবে। রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ব্যবহার সীমিত করার পাশাপাশি রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত নোটিফিকেশন বন্ধ থাকবে।

এছাড়া বিউটি ফিল্টার ও ‘লাইক’ সংখ্যা দেখানোর মতো কিছু ফিচার সীমিত করা হবে। বয়স যাচাইয়ের প্রযুক্তি ও অভিভাবকদের নিয়ন্ত্রণের ব্যবস্থাও জোরদার করবে মেটা।

এই সমঝোতার ফলে ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের আদালতে মেটার বিরুদ্ধে চলা একটি গুরুত্বপূর্ণ মামলার বিচার কার্যত শেষ হচ্ছে। তবে স্কুল, অভিভাবক ও ব্যক্তিদের করা আরও অনেক মামলা মেটার বিরুদ্ধে চলমান রয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমস জানায়, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের পাশাপাশি অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, স্পেন, ভারত ও আরও কয়েকটি দেশও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

Share post:

Popular

More like this
Related

রহস্য ও পারিবারিক গল্প নিয়ে হেডলাইনে অপূর্ব-ইয়াশ

একটি পুরনো খবরের কাগজ। তাতে ছাপা অসংখ্য শিরোনাম। সময়ের...

প্রশান্ত মহাসাগরে ‘সন্দেহভাজন’ নৌকায় মার্কিন হামলা, নিহত ৩

প্রশান্ত মহাসাগরে লাতিন আমেরিকার উপকূলে সন্দেহভাজন মাদকবাহী একটি নৌকাতে...

পুরো আইপিএল খেলতে এনওসি পেলেও মাঝে ফিরতে হবে মোস্তাফিজকে

আইপিএলের পুরো আসরে অংশ নেওয়ার জন্য মোস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র...

ছবিতে কড়াইল বস্তির আগুন

দাউ দাউ করে জ্বলছে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি। আজ মঙ্গলবার...